ইট পড়ে শিক্ষার্থী আহত, টিকাকেন্দ্রের কার্যক্রম স্থগিত
বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের টিকাকেন্দ্রে করোনা ভাইরাসের টিকা নিতে এসে নির্মাণাধীন ভবনের উপর থেকে ইটের টুকরো পড়ে আহত হন নবম শ্রেণির শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা। সোমবার (২৪ জানুয়ারি) সকালে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। আহতের বিষয়টি নিশ্চিত করেন এ আর এস মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। তিনি জানান, দুজন শিক্ষকের তত্ত্বাবধায়নে ছাত্রীদেরকে টিকা দিতে নেওয়া হয়েছিল। লাইনে থাকা অবস্থায় উপর থেকে ইটের টুকরা পড়ে আহত হয়। আমরা জেনেছি, স্টেডিয়ামের নির্মাণ কাজ চলছে। সেখান থেকে ইট পড়ে আহত হয় নবম শ্রেণির ছাত্রী আয়েশা সিদ্দিকা। তবে বর্তমানে ওই শিক্ষার্থী সুস্থ আছে। এই ঘটনায় বরিশালে শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে শিক্ষার্থীদের টিকা প্রদান কার্যক্রম স্থগিত করেছে সিটি করপোরেশন। সোমবার (২৪ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয় বলে নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস। তিনি জানান, স্টেডিয়ামে কয়েক মাস ধরেই শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম চলে আসছিল। তবে বর্তমানে স্টেডিয়ামে আধুনিকায়নে নির্মাণ কাজও চলমান রয়েছে। আর সেই নির্মাণ সামগ্রীতে সোমবার আঘাতপ্রাপ্ত হন টিকা নিতে আসা এক শিক্ষার্থী। এজন্য স্টেডিয়াম কেন্দ্রে টিকাদান কার্যক্রম স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ওই কেন্দ্রে টিকা প্রদান কার্যক্রম বন্ধ থাকবে। তবে নগরীর অন্যান্য কেন্দ্রে পূর্বের নিয়মে টিকাদান কার্যক্রম চলবে।










