দিনাজপুরের সেই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
প্রসূতি এক রোগীর মৃত্যু ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দিনাজপুরের খানসামা উপজেলার পাকেরহাটে অবস্থিত ইনফিনিটি ক্লিনিক ও কনসালটেশন সেন্টারটি সাময়িক সিলগালা করে দেওয়া হয়েছে। একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে একই প্রতিষ্ঠানে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মারুফ হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান। সম্প্রতি ওই অনিবন্ধিত ক্লিনিকে ভালো চিকিৎসা ও কর্তব্যরত চিকিৎসক না থাকায় এক প্রসূতি মৃত্যুর ঘটনা বিভিন্ন জাতীয়, অনলাইন ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। এরপর সংবাদটি উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের দৃষ্টিগোচরে আসায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সিলগালা ও জরিমানা করা হয়। এরপর পাকেরহাটে অবস্থিত মমতাজ (প্রা.) ক্লিনিক ও কনসালটেন্ট সেন্টারসহ কয়েকটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন করে সার্বিক বিষয়ে খোঁজ-খবর নিয়ে তাদের কাগজপত্র ঠিক করার জন্য এক মাসের সময় দেন ভ্রাম্যমাণ আদালত। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মারুফ হাসান বলেন, অভিযান পরিচালনাকালে ইনফিনিটি ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ও রোগী মৃত্যুর ঘটনায় সাময়িক সিলগালা এবং মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, অবৈধ ও অনিবন্ধিত এসব ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে পরবর্তীতেও অভিযান অব্যাহত থাকবে।










