শখ থেকে নেশা, ক্যালিগ্রাফিতে তৌহিদের আয় লাখ টাকা
দেয়ালে দেয়ালে ক্যালিগ্রাফি। কেউ সেসব ক্যালিগ্রাফি ছুয়ে দেখছেন, আবার কেউ ক্যালিগ্রাফির সঙ্গে ছবি ছবি তুলছেন। ফেসবুকে ছবি দেখে ক্যালিগ্রাফি তৈরির শখ হয় নোয়াখালীর মো. তৌহিদ ওসমান অনুর। তারপর শিখে নিয়ে করেছেন বাজিমাত। ইসলামিক ক্যালিগ্রাফি তৈরি করে বর্তমানে তার মাসিক আয় প্রায় লাখ টাকা।
মো. তৌহিদ ওসমান অনু নোয়াখালীর সদর উপজেলার নিয়াজপুর ইউনিয়নের জাহানাবাদ গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে। পড়াশোনা করছেন নোয়াখালী সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে।
জানা যায়, জুলাই বিপ্লবের পর ব্যস্ত সময় পার করছেন তৌহিদ ওসমান অনু। বিশ্ববিদ্যালয়, কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে তৌহিদের ক্যালিগ্রাফি। তৌহিদ ইসলামি ক্যালিগ্রাফি আর্টের পাশাপাশি অনলাইন ও অফলাইনে কাজ করে আয় করছেন। বিভিন্ন সূরা আরবিতে ক্যালিগ্রাফি করে অনলাইন বিজনেসের মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায়। অবসর সময়ে আরবি ক্যালিগ্রাফি করে বেশ প্রশংসা অর্জন করেছেন তিনি। তৌহিদের এমন সাফল্যে খুশি তার সহপাঠী ও শিক্ষকরা।










