মুক্তিযোদ্ধার স্ত্রীর ঘর তৈরির দায়িত্ব নিলেন এসপি
বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ঘর তৈরির দায়িত্ব নিলেন পুলিশ সুপার
সাইফুর রহমান রাসেল, নিউজ ডেস্ক : অবহেলিত সেই বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রেজিয়া বেগম ও তার ঘর এবং জীবনযাপন নিয়ে সংবাদ প্রকাশের পর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান ছুটে যান তার কাছে।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান শীতের উপহার ও নগদ অর্থ নিয়ে বীর মুক্তিযোদ্ধার স্ত্রী রেজিয়া বেগমকে দেখতে তার বাড়িতে ছুটে যান। এ সময় তিনি তার ঘরের দায়িত্ব নেন এবং মৃত বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের কবরস্থান সংরক্ষণের দায়িত্ব নেন।
জানা যায়, নোয়াখালীর সদর উপজেলার কাদির হানিফ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পশ্চিম রাজারামপুর গ্রামের জয়নাল পুলিশের বাড়িতে দুই ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে বসবাস করছেন রেজিয়া বেগম। দীর্ঘদিন ধরে দুই ছেলেকে নিয়ে জরাজীর্ণ ঘরে থাকছেন রেজিয়া। প্রধানমন্ত্রীর উপহারের ঘর বীর নিবাসের জন্য আবেদন করলেও ভাগ্যে জোটেনি সরকারি ঘর। এ নিয়ে বড় আক্ষেপ ছিল রেজিয়া বেগমের। জয়নাল আবেদীন বাংলাদেশ পুলিশের সদস্য ছিলেন। ২০০৪ সালে তিনি মারা যান।
এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আমি ১৬ ডিসেম্বর এই জেলায় যোগদান করেছি। আমি গণমাধ্যমে বিষয়টি জানতে পেরে কষ্ট পেয়েছি। আমি কথা দিচ্ছি, রেজিয়া বেগমকে একটা ঘর করে দেব। এছাড়া অন্যান্য সুযোগ সুবিধাও দেয়ার চেষ্টা করব।










