নৌকার কার্যালয়ে অগ্নিসংযোগ, নিরাপত্তা চাইলেন প্রার্থী
নোয়াখালী-২ আসনে নৌকার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে নৌকার প্রার্থী ও সংসদ সদস্য মোরশেদ আলম নিজের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) ভোরে সেনবাগের কাদরা ইউনিয়নের চাঁদপুরে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে দুপুর ১২টায় চৌমুহনী মোরশেদ আলম কমপ্লেক্সে সংবাদ সম্মেলন করেন এমপি মোরশেদ আলম।
তিনি অভিযোগ করে বলেন, পুলিশ টাকার বিনিময়ে আমার মামলার আসামিদের গ্রেফতার করছে না। স্বতন্ত্র প্রার্থীর লোকজন আমার নৌকার কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে। হত্যাচেষ্টার মামলা দিয়েও কোনো প্রতিকার পাচ্ছি না। ভোটাররা যাতে নিরাপদে কেন্দ্রে আসতে পারে সেই নিশ্চয়তা চাই।
মোরশেদ আলম আরও বলেন, বিএনপি-জামায়াত লোকদের সঙ্গে নিয়ে নৌকার বিরুদ্ধে মাঠে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিক (কাঁচি)। তাকে প্রধানমন্ত্রী হাওয়া ভাবনের লোক হিসেবে চেনেন। তিনি নৌকার বিদ্রোহী নন, তবে নিজে থেকে দাঁড়ানো স্বতন্ত্র প্রার্থী। কেন্দ্রে ভোটার উপস্থিতি যাতে কম হয় সেই পরিকল্পনা নিচ্ছেন তারা।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি নৌকার প্রার্থী মোরশেদ আলম বলেন, আমার দলের উপজেলা সেক্রেটারি লায়ন জাহাঙ্গীর আলম মানিক নিজেও নৌকার মনোনয়ন চেয়েছিলেন। না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। পরে জানলেন নৌকার বিরুদ্ধে ভোট করে জিতবেন না তখন প্রার্থিতা প্রত্যাহার করে স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভুঁইয়া মানিককে সমর্থন করেন।










