সাংসদ এইচ এম ইব্রাহিমকে হত্যার হুমকি, চাটখিল থানায় জিডি
মোঃ সাকিব স্টাফ রিপোর্টার:
নোয়াখালী ১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমকে হত্যার হুমকি দিয়ে ফেসবুকে পোস্ট করায় চাটখিল থানায় একটি সাধারণ ডায়েরি( জিডি) করা হয়েছে।
শুক্রবার রাতে এই সংসদ সদস্যের অ্যাম্বাসেডর রবিউল এইচ ভূঁইয়া এই সাধারণ ডায়েরি করেন।
সাধারণ ডায়েরি থেকে জানা যায়,সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আব্দুল্লাহ চাটখিল নামক একটি আইডি থেকে সাংসদ এইচ এম ইব্রাহিমের নামে নানা কুৎসা রটিয়ে এবং তাকে হত্যার হুমকি দিয়ে নানা ধরনের পোস্ট করে। সাধারণ ডায়েরিতে আরো উল্লেখ করা হয়, সে আইডি থেকে প্রধানমন্ত্রীকে জড়িয়েও নানা উস্কানিমূলক পোস্ট ও কমেন্ট করা হয়েছে।
রবিউল এইচ ভূঁইয়া সাংবাদিকদের জানান, সংসদ সদস্য এইচ এম ইব্রাহিমের মান সম্মান রাজনৈতিক ও সামাজিকভাবে ক্ষুন্ন হওয়ার আশঙ্কায় এবং ভবিষ্যতে আরও বড় ধরনের কোন ক্ষতির আশঙ্কা করে এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তদন্ত হুমায়ুন কবির এই জিডির সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে পুলিশ কাজ করছে।










