ইয়াবা সেবনে বাঁধা দেয়ায় এলোপাথাড়ি গুলি
নিজ বাড়িতে ইয়াবা সেবনে বাঁধা দেয়ায় রিকশা চালককে এলোপাথাড়ি গুলি
সাইফুর রহমান রাসেল,নোয়াখালী : নোয়াখালীর বেগমগঞ্জে নিজের বাড়িতে ইয়াবা সেবন করতে বারণ করায় অটোরিকশা চালককে এলোপাথাড়ি গুলি করেছে ইয়াবা সেবনকারীরা। এতে ওই চালক শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়েছেন।
গুলিবিদ্ধ শহীদুল ইসলাম (২৭) উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দ্বীপপুর গ্রামের দাই বাড়ির আবুল কালামের ছেলে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে আলাইয়াপুর ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের দ্বীপপুর গ্রামের এরাদ উল্যা মুন্সি বাড়ি সংলগ্ন পোলের ওপর এ গুলিবর্ষণের ঘটনা ঘটে। আহত অটোরিকশা চালক ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গুলিবিদ্ধ অটোচালকের বড় ভাই মো. মহিন অভিযোগ করে বলেন, স্থানীয় সন্ত্রাসী রকি বাহিনীর সদস্যরা তাদের নতুন বাড়িতে বসে ইয়াবা সেবন করত। তার ভাই শহীদুল তাদের বাড়িতে বসে ইয়াবা সেবন করতে বারণ করে। এ নিয়ে রকি বাহিনীর সদস্যরা তার ওপর ক্ষুব্ধ হয়ে উঠে। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বাড়ি থেকে চন্দ্রগঞ্জ বাজার যাওয়ার পথে রকি বাহিনীর সদস্য সাদ্দাম তার গতিরোধ করে এলোপাথাড়ি গুলি ছুড়লে সে শরীরের বিভিন্নস্থানে গুলিবিদ্ধ হয়।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তবে কোন বাহিনী এমন ঘটনা ঘটিয়েছে বলে আমার জানা নেই। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে










